“দেখবো নতুন রূপে, দেখবো নতুন চোখে”: রাজ্য পর্যটনের নতুন লোগোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা : “দেখবো নতুন রূপে, দেখবো নতুন চোখে”—পশ্চিমবঙ্গ পর্যটনের নতুন পরিচয়ের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধনধান্য প্রেক্ষাগৃহে শুক্রবার সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর সূচনা হয়।​অনুষ্ঠানের শুরুতে তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী উত্তরীয় দিয়ে মুখ্যমন্ত্রীকে বরণ করে নেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী ড. শঙ্কর ঘোষ, শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায় এবং মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত।​পর্যটন দপ্তরের অতিরিক্ত সচিব বরুণ রায় জানান, জন্মাষ্টমীর এই শুভ ও তাৎপর্যপূর্ণ দিনটিতে রাজ্য সরকারের পর্যটন দপ্তরের নতুন লোগোর আত্মপ্রকাশ ঘটল। দীর্ঘ ১৫ বছর পর পর্যটন দপ্তরের উদ্যোগে এই নতুন ভাবনার বাস্তব রূপায়ণ সম্ভব হলো। তিনি আরও জানান, গত তিন মাস ধরে এই নতুন লোগো তৈরির কর্মযজ্ঞ চলেছে এবং এর নকশাটি তৈরি করেছেন দেবজিৎ রায়।​নতুন এই ভাবনার মাধ্যমে পাহাড়, সাগর, জঙ্গল ও প্রকৃতি—সবকিছুকে এক সুতোয় বেঁধে দেওয়া হয়েছে।

ঐতিহ্যের ছায়ায় টয় ট্রেন থেকে হাওড়া ব্রিজ, কিংবা রোমাঞ্চের খোঁজে অজানা পথ ধরে সুন্দরবন—সবই উঠে এসেছে এই নতুন রূপে।​লোগো উন্মোচনের পর পর্যটন দপ্তরের বিশেষ রিংটোনেরও সূচনা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অবন্তীপুর ওম ফাউন্ডেশনের ১৫ জন শিল্পী কোরিওগ্রাফার শ্যামল মল্লিকের নেতৃত্বে রবীন্দ্রনৃত্য পরিবেশন করেন। পরিশেষে ‘দোহার’ সঙ্গীত ব্যান্ডের ১০ জন শিল্পীর মনোজ্ঞ গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 3 =