কলকাতা : শিক্ষক দিবসে উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও ভারতরত্ন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মজয়ন্তীতে তা়ঁর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও সশ্রদ্ধ প্রণাম জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, “একজন শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান তুলে ধরেন না তিনি অন্ধকারের মাঝে আলোর পথ দেখান, স্বপ্ন দেখতে শেখান, ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলার সাহস জোগান। একজন শিক্ষকের ভালোবাসা, শাসন, অনুপ্রেরণা ও আশীর্বাদই গড়ে তোলে আগামী দিনের মানুষ ও সমাজ।
জীবনের পথে যত দূরেই এগিয়ে যাই, আমাদের সাফল্যের নেপথ্যে কোনও না কোনও শিক্ষকের অবদান নীরবে জড়িয়ে থাকে। তাঁদের ঋণ কখনও শোধ করার নয়। আজ মহান শিক্ষক দিবসে জীবন গড়ার সেই মহান কারিগর সকল শিক্ষক-শিক্ষিকাকে জানাই আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও প্রণাম। সকলকে শিক্ষক দিবসের শুভেচ্ছা। শিক্ষকই জাতির ভবিষ্যৎ নির্মাণের নীরব স্থপতি।”

