ভুল খবর প্রচারের অভিযোগে সংবাদমাধ্যমের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ, রুজু হলো এফআইআর

কলকাতা : ভুয়ো খবর প্রচারের অভিযোগে একটি বৈদ্যুতিক চ্যানেল তথা স্যাটেলাইট সংবাদমাধ্যমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর প্রাসঙ্গিক ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর ৩৫৩ (২), ১৭৪ ও ১৭৫ ধারায় মামলা রুজু করা হয়েছে।

মূলত ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে নিজেদের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে এই এফআইআর দায়ের করা হয়েছে। উল্লেখ্য, গত ২৫ এপ্রিল শনিবার কলকাতার লালবাজারের সাইবার অপরাধ দফতরে (মামলা নম্বর ২০/২৬) রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করা হয়।প্রসঙ্গত, বাংলা ভাষায় একটি সংবাদপত্রের ডিজিটাল সংস্করণেও এই সংক্রান্ত একটি অভিযোগ সামনে এসেছে। যদিও সেটি একটি পৃথক ঘটনা।

সেখানে “তৃণমূলকে ভোট দিলে পড়ছে বিজেপিতে! বড়ঞায় বিস্ফোরক অভিযোগ ভোটারদের” শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভুল তথ্য সম্বলিত সংবাদ পরিবেশন এবং তা ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। মূলত এই অপরাধের কারণেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুস্পষ্ট ব্যাখ্যাসহ কৈফিয়ত তলব করা হয়েছে। কমিশনের নির্দেশ না মানলে আইন অনুযায়ী কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়ার পাশাপাশি এক বছরের কারাদণ্ডের যে আইনি বিধান রয়েছে, তা-ও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + eighteen =