বিপুল বিস্ফোরক উদ্ধার, ভাঙড় ডিভিশনের ঘটনার তদন্তভার হাতে নিল এনআইএ

কলকাতা : কলকাতা পুলিশের অধীনস্থ ভাঙড় ডিভিশনে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনার তদন্তভার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এনআইএ-র হাতে তুলে দেওয়া হয়েছে। একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ইতিমধ্যেই এই তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) গত ২৫.০৪.২০২৬ তারিখে উত্তর কাশীপুর থানায় নথিভুক্ত ৬২/২০২৬ নম্বর এফআইআর-টিকে (ভাঙড় ডিভিশন, কলকাতা) গত রবিবার অর্থাৎ ২৬.০৪.২০২৬ তারিখে আরসি-২৫/২০২৬/এনআইএ/ডিএলআই হিসেবে পুনর্নিবন্ধিত করে এই চাঞ্চল্যকর ঘটনার তদন্তভার গ্রহণ করেছে। এই মামলাটি বর্তমানে কলকাতা পুলিশ জেলার অধীনেই রয়েছে।

​ঘটনা প্রকাশ, একটি নির্দিষ্ট স্থানে মজুত করে রাখা ৭৯টি দেশি বোমা এবং অন্যান্য আপত্তিকর সামগ্রী উদ্ধার করা হয়েছে, যা জনজীবন ও সম্পত্তির জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছিল। এর পরিপ্রেক্ষিতেই তদন্তভার হস্তান্তরের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, রবিবার ছুটির দিনে বিষয়টি জানাজানি হতেই অত্যন্ত দ্রুততার সঙ্গে বড়সড় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়।

​কলকাতা পুলিশের তরফে আরও জানানো হয়েছে যে, বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে উত্তর কাশীপুর থানার অন্তর্গত মাঝেরহাট (পোলেপাড়া) এলাকায় কড়া নজরদারি চালানো হয়েছিল। গত রবিবার সেই অভিযান চলাকালীন একটি কবরস্থানের কাছাকাছি পরিত্যক্ত বাড়ি থেকে সন্দেহভাজন বিস্ফোরক সামগ্রীর এক বিশাল ভাণ্ডার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৭৯টি তাজা হাতবোমা সদৃশ বস্তু, আনুমানিক ৩.৩৭ কেজি গান পাউডার, ১.৬১ কেজি সালফার, পাটের দড়ি এবং ১০ প্যাকেট রোল ক্যাপস। ঘটনাস্থল থেকে বোম্ব ডিসপোজাল স্কোয়াডের সহায়তায় এই সামগ্রীগুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে যে, সমস্ত সামগ্রী বিধিসম্মত প্রক্রিয়া মেনেই বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − four =