মুর্শিদাবাদ : নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস নেমে বৃহস্পতিবার রাত থেকে বিপর্যস্ত ট্রেন চলাচল। রেল কর্তৃপক্ষ প্রাথমিক ভাবে মনে করেছিলেন, শুক্রবার রাতের মধ্যেই রেল লাইন মেরামতি শেষ হবে। কিন্তু শনিবার সকালে সেই কাজ এখনও শেষ করা যায়নি। তবে পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, কাজ একেবারে শেষের পথে। ফলে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে না শনিবারও।
উত্তরবঙ্গ থেকে হাওড়া, কলকাতার দিকে আসার অনেক ট্রেন শনিবারও বাতিল ঘোষণা করেছে রেল। মুর্শিদাবাদে নিউ ফরাক্কার কাছে রেললাইনে ধস নামার কারণে ট্রেন চলাচল শনিবারও ব্যাহত হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় লাইন মেরামতির কাজ চলছে। তবে কবে ওই লাইন দিয়ে ট্রেন ফের চালানো যাবে, তা এখনও স্পষ্ট নয়। রেল আধিকারিকেরাও নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।
শনিবার পদাতিক, কাঞ্চনকন্যা, দার্জিলিং মেলের মতো একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে। বাতিলের তালিকায় আছে গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস, আলিপুরদুয়ার-শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস-সহ একগুচ্ছ ট্রেন।

