কলকাতা : দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় মালদা, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
এরপর পরবর্তী দুই দিন বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়তে পারে উত্তরবঙ্গে, মূলত ওপরের জেলাগুলিতে বৃষ্টি বেশি হতে পারে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি।

