কোচবিহার : কোচবিহারের শীতলখুচিতে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের গাড়িতে ডিম ছোড়ার অভিযোগ উঠল। মঙ্গলবার সকালে শীতলখুচি থানার সামনেই এই ঘটনাটি ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিন স্থানীয় সূত্রে জানা গেছে, দিন দুয়েক আগে শীতলখুচি এলাকায় মন্টু মিঞাঁ নামে এক ব্যক্তির রহস্যমৃত্যু হয়। তাঁর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। পরিবারের সদস্যদের অভিযোগ, মন্টু মিঞাঁকে খুন করা হয়েছে। মৃত ব্যক্তি এলাকায় সক্রিয় সিপিএম কর্মী হিসেবে পরিচিত ছিলেন। মঙ্গলবার সকালে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে এবং সমবেদনা জানাতে শীতলখুচি যান বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন সিপিএমের কোচবিহারের জেলা সম্পাদক-সহ স্থানীয় নেতৃত্ব।
অভিযোগ, সেখান থেকে ফেরার পথেই হামলা হয়। শীতলখুচি বাজার এলাকায় একদল লোক মীনাক্ষীর গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন। এর পরেই গাড়ির সামনের কাচে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। গাড়ির ভিতর থেকেই মীনাক্ষী প্রশ্ন করেন, আমার অপরাধ কী? ক্ষুব্ধ মীনাক্ষী নিজেই হামলার ভিডিও রেকর্ড করেন। পুলিশের কাছে দাবি জানান, আগে দোষীদের গ্রেফতার করা হোক। আমার অপরাধটা কী? রাস্তায় কি বেরনো যাবে না?

