কলকাতা : তিনতলার পাইপলাইনে কাজ চলার সময় দড়ি খুলে উপর থেকে সোজা নিচে এসে পড়ে এক শ্রমিক মারা গিয়েছে। শুক্রবার মর্মান্তিক এই ঘটনা ঘটে খাস কলকাতার বাগুইআটিতে। রক্তে ভেসে যায় চারপাশ। মৃত ওই ব্যক্তির নাম তপন সরকার।
জানা গিয়েছে, বাগুইআটির অশ্বিনীনগরে একটি বহুতলে পাইপলাইন সারানোর কাজ হচ্ছিল। এদিন সকালে বছর ৪৮-এর ওই ব্যক্তি কাজে যোগ দিয়েছিলেন।
বহুতলের বাইরের ড্রেন পাইপলাইন সারানোর কাজ হওয়ায় ছাদ থেকে তিনি নেমেছিলেন।
ছাদের উপরে দড়ির একটা অংশ বাঁধা ছিল। দড়ির অন্য প্রান্ত বাঁধা ছিল ওই ব্যক্তির কোমরে। ঝুলে থেকে কাজ করছিলেন। সেই সময়ই ঘটে যায় বিপত্তি।
কাজের সময় দেওয়াল থেকে পা পিছলে যায়। কোমরের দড়ি খুলে গিয়ে উপর থেকে সোজা নিচে যান ওই শ্রমিক। ভারী কিছু পড়ার আওয়াজ শুনে আশপাশ ও বহুতলের লোকজন ছুটে আসেন। দেখা যায় ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন।
খবর দেওয়া হয় বাগুইআটি থানায়।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা জানিয়ে দেন ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

