সুমন মণ্ডল,পশ্চিম মেদিনীপুর : অন্নপূর্ণা যোজনার সুবিধা না পাওয়ার অভিযোগে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন চন্দ্রকোনা-২ ব্লকের শতাধিক মহিলা।
শুক্রবার চন্দ্রকোনা-ঘাটাল রাজ্য সড়কের গাছশীতলায় মহিলারা রাস্তার উপর বসে বিক্ষোভ শুরু করেন। তাঁদের অভিযোগ, এলাকার অনেকেই অন্নপূর্ণা যোজনার সুবিধা পেলেও তাঁরা এখনও সেই সুবিধা থেকে বঞ্চিত। দ্রুত তাঁদেরও অন্নপূর্ণা যোজনার আওতায় এনে সুবিধা দেওয়ার দাবিতে এই বিক্ষোভ বলে জানান আন্দোলনকারীরা।
বিক্ষোভের জেরে গুরুত্বপূর্ণ চন্দ্রকোনা-ঘাটাল রাজ্য সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। আটকে পড়ে যাত্রীবাহী বাস থেকে শুরু করে পণ্যবাহী একাধিক গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রকোনা থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাস্তায় নামলেন চন্দ্রকোনা থানার ওসি।

