মালদা : মালদার হবিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা শিক্ষক অমল কিস্কুকে ঘিরে বৃহস্পতিবার বামনগোলা ব্লকের পারহবিনগর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় গ্রামবাসীদের একাংশ তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে ‘চোর চোর’ স্লোগান দেন এবং ডিম ছোড়ার অভিযোগ ওঠে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অমল কিস্কু পারহবিনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবেও কর্মরত।
গ্রামবাসীদের অভিযোগ, ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই তিনি বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থাকতেন না। এ বিষয়ে প্রশাসনের কাছে একাধিকবার লিখিত অভিযোগ এবং গণস্বাক্ষর সম্বলিত আবেদনপত্র জমা দেওয়া হলেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি বিক্ষোভকারীদের।বৃহস্পতিবার সকালে অমল কিস্কু বিদ্যালয়ে পৌঁছালে ক্ষুব্ধ গ্রামবাসীরা স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন।
অভিযোগ, সেই সময় তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয় এবং ডিম নিক্ষেপ করা হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভিলেজ পুলিশ।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তার স্বার্থে অমল কিস্কুকে বিদ্যালয় চত্বর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অমল কিস্কুর কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। প্রশাসনের তরফেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

