নয়াদিল্লি : বুথফেরত সমীক্ষা বা এক্সিট পোলের ফলাফল সামনে আসতেই পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি সাংসদ তথা জাতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী।
রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সাম্প্রতিক আইনি লড়াইয়ের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কড়া ভাষায় বিঁধলেন তিনি। রাজ্যে গত পঞ্চায়েত নির্বাচনের রক্তক্ষয়ী
পরিস্থিতির কথা মনে করিয়ে দিয়ে সুধাংশু ত্রিবেদী বলেন, “পঞ্চায়েত নির্বাচনের সময় ৭৫ জন নিহত হয়েছিলেন। যদি সেই রাজ্যে কোনও উল্লেখযোগ্য হিংসা ছাড়াই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তারপর কেউ আপত্তি জানায়, আমি জিজ্ঞাসা করি: কার উপস্থিতি সংবিধানের জন্য হুমকি? সুপ্রিম কোর্ট আজ নির্বাচনী প্রক্রিয়ায় কোনও সাংবিধানিক হস্তক্ষেপের কথা স্পষ্টভাবে অস্বীকার করে তৃণমূলের আবেদনটি দ্ব্যর্থহীনভাবে খারিজ করে দিয়েছে।”

