কলকাতা : ঘূর্ণিঝড় ‘আকওয়ান’-এর সম্ভাব্য প্রভাবের কথা মাথায় রেখে সম্পূর্ণভাবে সতর্ক ও প্রস্তুত রয়েছে পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার রাজ্য সচিবালয় নবান্নে মুখ্যসচিব সহ বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিক এবং সম্ভাব্য প্রভাবিত জেলাগুলির প্রশাসনিক কর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বৈঠকে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রশাসনিক প্রস্তুতি এবং সাধারণ মানুষের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ঘূর্ণিঝড়ের জেরে উদ্ভূত সম্ভাব্য পরিস্থিতি সামাল দিতে আগেভাগেই সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রাখা হচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা, প্রয়োজনে দ্রুত ত্রাণ ও উদ্ধারকার্যের ব্যবস্থা করা এবং যেকোনো আপৎকালীন পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করাই রাজ্য সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
মুখ্যমন্ত্রী আরও জানান, গোটা পরিস্থিতির ওপর সর্বক্ষণ কড়া নজর রাখা হচ্ছে। সংশ্লিষ্ট জেলাগুলির প্রশাসনিক আধিকারিকদের যেকোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণভাবে প্রস্তুত থাকার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের জীবন এবং সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসন সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

