উৎসবের মরসুমে ভারতীয় রেলে রেকর্ড ভিড়, ১৮,০০০ অতিরিক্ত ট্রেনে সফর করলেন প্রায় ২০ কোটি যাত্রী

নয়াদিল্লি : চলতি বছরের অক্টোবর থেকে নভেম্বর মাসের উৎসবের মরসুমে বিপুল যাত্রীচাপ সামাল দিতে প্রায় ১৮,০০০ অতিরিক্ত বিশেষ ট্রেন চালিয়েছে ভারতীয় রেল, যার ফলে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াতের সুবিধা পেয়েছেন। রেল মন্ত্রকের তথ্য অনুযায়ী, উৎসবের ভরা মরসুমের ২৬ দিনে প্রায় ২০ কোটি যাত্রী ট্রেনে সফর করেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ বেশি।

ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, দুর্গাপুজো, দীপাবলি এবং ছট পূজা—এই তিনটি বড় উৎসবের সময়েই দৈনিক গড় যাত্রী সংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী:

* দুর্গাপুজোর সময় দৈনিক গড় যাত্রী সংখ্যা গত বছরের ৭০ লক্ষ থেকে বেড়ে ৭৬ লক্ষে পৌঁছেছে।

* দীপাবলির সময় এই সংখ্যা ৭১ লক্ষ থেকে বেড়ে ৭৪ লক্ষ হয়েছে।

* ছট পূজার সময় দৈনিক গড় যাত্রী সংখ্যা ৭৫ লক্ষ থেকে একলাফে বেড়ে ৮২ লক্ষে দাঁড়িয়েছে।

উৎসবের মরসুমে ঘরমুখো মানুষের যাত্রা সুগম ও আরামদায়ক করতে ভারতীয় রেলের এই অতিরিক্ত ট্রেন পরিষেবা বড় ভূমিকা পালন করেছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *