সরকারি হাসপাতালে হকারদের প্রবেশে নিষেধাজ্ঞা, কড়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর

কলকাতা : রোগীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজের জন্য নতুন নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর। এই নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে যেকোনো সরকারি হাসপাতাল চত্বরের ভেতরে ইনডোর পেশেন্ট ডিপার্টমেন্ট (আইপিডি) এবং আউটডোর পেশেন্ট ডিপার্টমেন্ট (ওপিডি)-তে হকার, বিক্রেতা ও দোকানদারদের প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

স্বাস্থ্য দফতরের তরফে জারি করা লিখিত বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে, হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা নিশ্চিত করতে হবে। এই নির্দেশ জারির পর মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন সরকারি হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং হকারদের প্রবেশের ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে।

উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য দফতর এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন।

জানা গিয়েছে, সেই সময় একাধিক রোগীর পরিজন মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানান যে, হাসপাতাল চত্বর থেকে মোবাইল চুরির ঘটনা সাধারণ বিষয়ে পরিণত হয়েছে এবং বহু ব্যক্তি রোগীর আত্মীয় পরিচয়ে ওপিডি-র লাইনে ঘোরাফেরা করেন, যার জেরে চিকিৎসা করাতে আসা মানুষদের চরম ভোগান্তির শিকার হতে হয়। এই অভিযোগগুলি সামনে আসতেই স্বাস্থ্য দফতর তৎপর হয়ে এই কড়া পদক্ষেপ গ্রহণ করে।

নতুন নির্দেশিকায় রোগীদের নিরাপত্তা এবং তাঁদের গোপনীয়তার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। হাসপাতালের ওপিডি-তে প্রতিদিন রোগীদের প্রবল ভিড় হয়, সেখানে হকারদের উপস্থিতিতে বিশৃঙ্খলা আরও বাড়ে। এছাড়া, অনেক সময় ছোঁয়াচে বা সংক্রামক রোগে আক্রান্ত রোগীরাও ওপিডি-তে আসেন; সেক্ষেত্রে হকারদের অবাধ যাতায়াতে সংক্রমণ ছড়িয়ে পড়ার (ক্রস-কনট্যামিনেশন) আশঙ্কা থেকে যায়। এই সমস্ত সমস্যা রুখতেই স্বাস্থ্য দফতরের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *