সুমন মণ্ডল, পশ্চিম মেদিনীপুর : চন্দ্রকোনায় স্বামী বিবেকানন্দ সেবা সংঘের উদ্যোগে পালিত হল ভারতের নবজাগরণের অন্যতম পথিকৃৎ সমাজসংস্কারক রাজা রামমোহন রায়ের তিরোধান দিবস। এদিন রাজা রামমোহন রায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনার বিধায়ক সুকান্ত দোলুই, স্বামী বিবেকানন্দ সেবা সংঘের সভাপতি সমীর কুমার ঘোষ, সঞ্জিত মিদ্যা, শিবশংকর ঘোষাল, মৃত্যুঞ্জয় মণ্ডল-সহ অন্যান্যরা।অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দ সেবা সংঘের সভাপতি সমীর কুমার ঘোষ বলেন, “রাজা রামমোহন রায়ের চরণে বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও শত কোটি প্রণাম। সতীদাহ প্রথা বিলোপ এবং নারী ও সমাজ সংস্কারের ক্ষেত্রে তাঁর ভূমিকা অনস্বীকার্য।
এমন একজন মহান সমাজসংস্কারককে আমরা যেন বর্তমান সময়ে স্মরণ করতে ভুলে যাচ্ছি।”তিনি আরও দাবি করেন, রাজা রামমোহন রায়ের স্মৃতিকে যথাযথভাবে সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে খানাকুলে তাঁর বাস্তুভিটায় সরকারি উদ্যোগে একটি ‘রাজা রামমোহন উন্নয়ন পর্ষদ’ গঠন করা হোক। এর মাধ্যমে তাঁর স্মৃতি ও সমাজ সংস্কারের ইতিহাস আরও সুসংরক্ষিত হবে বলে জানান তিনি।

