নয়াদিল্লি : রাজস্থানের কোটায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি, প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয় এবং আহতদের জন্য বিশেষ আর্থিক সহায়তার ঘোষণাও করেছেন তিনি।
রবিবার প্রধানমন্ত্রীর দফতর-এর তরফে সামাজিক মাধ্যমে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, “রাজস্থানের কোটায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির খবর জেনে আমি অত্যন্ত ব্যথিত। শোকের এই মুহূর্তে শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”
প্রধানমন্ত্রীর দফতরের তরফে আরও জানানো হয়েছে যে, এই দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে এককালীন আর্থিক অনুদান দেওয়া হবে। এছাড়া, দুর্ঘটনায় আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। উল্লেখ্য, শনিবার মধ্যরাতে কোটা-উদয়পুর জাতীয় সড়কের শম্ভুপুরার কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে তীর্থযাত্রী বোঝাই গাড়ির ধাক্কায় একই পরিবারের ৯ জনের মৃত্যু হয় এবং আরও অন্তত ৬ জন গুরুতর আহত হন।

