ডায়মন্ড হারবারে ফের রাজনৈতিক উত্তাপ, তৃণমূল নেতাদের বিরুদ্ধে পোস্টার ঘিরে চাঞ্চল্য

ডায়মন্ড হারবার : দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে ফের রাজনৈতিক উত্তেজনা ছড়াল তৃণমূল নেতাদের বিরুদ্ধে পোস্টার পড়াকে কেন্দ্র করে। মঙ্গলবার সকালে ডায়মন্ড হারবার পুরসভা চত্বর-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় তৃণমূলের কয়েকজন নেতার নাম উল্লেখ করে পোস্টার দেখতে পান স্থানীয়রা। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।

পোস্টারগুলিতে তৃণমূল নেতা অমিত সাহা, গৌতম অধিকারী, শামীম আহমেদ এবং মেহেবুব রহমান গায়েন-সহ একাধিক নেতার নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অমিত সাহাকে গ্রেফতারের দাবিও জানানো হয়েছে। পোস্টার লাগানোর পিছনে কারা রয়েছে, তা নিয়ে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

বিজেপির আক্রান্ত কর্মী ও স্থানীয় নেতৃত্বের দাবি, দুর্নীতির অভিযোগ এবং অতীতে এলাকায় বিজেপি কর্মীদের উপর অত্যাচারের প্রতিবাদেই এই পোস্টারিং কর্মসূচি নেওয়া হয়েছে। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় দুর্নীতির পরিবেশ তৈরি হয়েছে এবং বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের নানা ভাবে হয়রানি ও বঞ্চনার শিকার হতে হয়েছে। সেই অভিযোগের প্রতিবাদেই এদিন সকালে একজোট হয়ে পোস্টারিং করা হয়েছে বলে দাবি বিজেপির।

যদিও পোস্টার ঘিরে ওঠা অভিযোগ নিয়ে তৃণমূলের স্থানীয় নেতাদের কারও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাঁরা এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে রাজি হননি। পোস্টারগুলি কে বা কারা লাগিয়েছে, তা নিয়ে তদন্তের দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − one =