কলকাতা : পশ্চিমবঙ্গের সমস্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের বাস্তব চিত্র ও পরিকাঠামো খতিয়ে দেখতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত কিংবা সম্পূর্ণ বেসরকারি স্তরে পরিচালিত মাদ্রাসার পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ দিল নবান্ন। আগামী ৫ জুলাই-এর মধ্যে এই সমীক্ষা প্রক্রিয়া শেষ করে নবান্নে চূড়ান্ত ও সুসংহত জেলাভিত্তিক রিপোর্ট জমা দেওয়ার ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে।
রাজ্যের সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, মাদ্রাসার অবস্থান, কবে তৈরি হয়েছে, নথিভুক্ত কি না, কোথায় কী ভাবে নথিভুক্ত, সেই সংক্রান্ত নথি, ছাত্র-ছাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মীর সংখ্যা সংগ্রহ করে রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে। মাদ্রাসাটি আবাসিক বা বেসরকারি সাহায্যপ্রাপ্ত কি না এবং সেখানকার পাঠক্রমের বিষয়েও খুঁটিনাটি তথ্য দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মাদ্রাসা শিক্ষা নিয়ে যাতে আগামী দিনে পরিকল্পনা, পড়ুয়াদের হিতার্থে পদক্ষেপ করা এবং রক্ষণাবেক্ষণ করা যায়, সেই জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে। আশ্বস্ত করা হয়েছে যে, মাদ্রাসায় যেমন পড়াশোনা চলছে, তেমনই চলবে।

