গঙ্গাসাগর : পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে পৌঁছলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সোমবার সকালে তিনি গঙ্গাসাগরে পৌঁছে প্রথমে গঙ্গা ও বঙ্গোপসাগরের পবিত্র সঙ্গমে পুণ্যস্নান সারেন। এরপর তিনি ঐতিহাসিক ও পবিত্র কপিল মুনির আশ্রমে গিয়ে পুজো দেন এবং আশীর্বাদ প্রার্থনা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, নিতিন নবীনের এই দু’দিনের বঙ্গ সফরের শেষ দিনে গঙ্গাসাগর দর্শনকে অন্তর্ভুক্ত করা হয়। এদিন সকালে বিশেষ হেলিকপ্টারে চেপে তিনি সাগরে পৌঁছন। তাঁর সঙ্গে ছিলেন জেলা ও রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব। কপিল মুনির মন্দিরে আরতি ও পুজো দেওয়ার পর আশ্রমের সাধু-সন্তদের সঙ্গেও কিছু সময় কথা বলেন তিনি। গঙ্গাসাগরে পুজো দেওয়ার পর দলীয় পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে তিনি উত্তর ২৪ পরগনার উদ্দেশে রওনা হন।
এদিন গঙ্গাসাগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ তাঁদের যে সেবা করার সুযোগ দিয়েছেন, তা পূরণ করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি-সহ দলের নেতারা একসঙ্গে কাজ করছেন। তিনি জানান, গঙ্গা দশহরা, গঙ্গা যাত্রা ও জাতীয় মেলার মতো আয়োজনের সঙ্গে গঙ্গাসাগরের বিশেষ যোগ রয়েছে।
তাই গঙ্গাসাগরের তটেও গঙ্গা যাত্রা ও জাতীয় মেলা আয়োজনের উদ্যোগ নেওয়ার ইচ্ছা রয়েছে এবং সরকার এই বিষয়ে দ্রুত এগোবে। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুনীল বনশাল।

