মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিয়ে মন্তব্যের সাফাই হুমায়ুন কবীরের

মুর্শিদাবাদ : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জেরে শুরু হওয়া রাজনৈতিক তরজার মাঝে নিজের অবস্থান স্পষ্ট করলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। তাঁর দাবি, তিনি কারও নাম নিয়ে কোনও ব্যক্তিগত আক্রমণ করেননি; বরং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা পুলিশের ভূমিকা এবং সাধারণ মানুষের ওপর অত্যাচারের বিরুদ্ধেই সরব হয়েছেন।

সোমবার মুর্শিদাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবীর বলেন, “আমি কারও নাম নিইনি। আমি কেবল বলেছিলাম যে মুখ্যমন্ত্রীই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেই স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে থাকা বেলডাঙা থানা, রেজিনগর থানা ও শক্তিপুর থানা প্রতিদিন সাধারণ মানুষের ওপর নির্মম অত্যাচার চালাচ্ছে।”

নিজের বক্তব্যের ব্যাখ্যায় তিনি আরও বলেন, “তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদীকে যে ‘রাজধর্ম’ পালন করার পরামর্শ দিয়েছিলেন, আমি ঠিক সেটাই মনে করিয়ে দিয়েছি। পুলিশের এই অন্যায্য কার্যকলাপ নিয়ে আমি নির্বাচন কমিশন ও রাজ্য পুলিশের ডিজি-কে চিঠি দিয়ে জানিয়েছিলাম, কিন্তু কেউ কোনও কর্ণপাত করেনি। সেই কারণেই আমি বলেছিলাম, যারা এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং অন্যদের আক্রমণ করছে, তাদের সুমতির জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + fourteen =