নবদ্বীপ : নদিয়ার নবদ্বীপ পুরসভায় তৈরি হয়েছে নজিরবিহীন রাজনৈতিক ও প্রশাসনিক সংকট। ২৪ ওয়ার্ডের এই পুরসভার সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর একযোগে পদত্যাগ করায় বর্তমান পুরবোর্ড কার্যত ভেঙে পড়েছে। শুক্রবার ১১ নম্বর ওয়ার্ডের প্রবীণ কাউন্সিলর গৌরাঙ্গ চন্দ্র রায় জানান, চেয়ারম্যান দীর্ঘদিন বিচারবিভাগীয় হেফাজতে থাকা সত্ত্বেও পদত্যাগ না করায় নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে।
এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ পৌর আইনের ৯(৩)(সি) ধারা অনুযায়ী জেলা শাসকের কাছে বিশেষ বৈঠকের আবেদন জানানো হলেও সিদ্ধান্ত না হওয়ায় কাউন্সিলররা গণইস্তফার পথ বেছে নেন।বৃহস্পতিবার রাতে প্রবীণ নেতা শ্যামাপ্রসাদ পালের বাড়িতে বৈঠকে সর্বসম্মতিক্রমে পদত্যাগের সিদ্ধান্ত হয়। নবদ্বীপ পুরসভার এক্সিকিউটিভ অফিসার সঞ্জিত কুমার রাহা জানান, আগে চারজন এবং শুক্রবার আরও ১৩ জন কাউন্সিলর পদত্যাগপত্র জমা দিয়েছেন।
সব মিলিয়ে ১৭টি পদত্যাগপত্র জমা পড়েছে, বাকিদের প্রক্রিয়াও চলছে।গৌরাঙ্গ চন্দ্র রায় দাবি করেন, এই সিদ্ধান্তের পিছনে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বা বহিরাগত প্রভাব নেই। রাজনৈতিক মহলের মতে, বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকারের নিযুক্ত প্রশাসকের হাতে পুরসভার দায়িত্ব যেতে পারে। নতুন নির্বাচন বা বোর্ড পুনর্গঠন ছাড়া এই অচলাবস্থার সমাধান কঠিন বলেই মনে করা হচ্ছে।

