তৃণমূল ভেঙে নতুন দল গড়ার উদ্যোগ, কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা : দল থেকে বহিষ্কার হওয়ার পরই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়ে নতুন দল গড়তে উদ্যোগী হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। সেই আবহেই কড়া বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার দীর্ঘ ফেসবুক লাইভে দলের বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক চাপ এবং সাম্প্রতিক বিতর্ক নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কারও নাম সরাসরি উল্লেখ করেননি, তবু তাঁর বক্তব্য যে সম্প্রতি বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে কেন্দ্র করেই ছিল, তা রাজনৈতিক মহলের কাছে স্পষ্ট।

নাম না করে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তৃণমূল নেত্রী। তিনি অতীত স্মরণ করিয়ে বলেন, “ও আগে সিপিএম করত। আমাদেরই ভুল হয়েছে ওঁকে টিকিট দেওয়া। আসলে পায়ে এসে পড়েছিল। তবে বলতে পারি, সেদিন সিপিএম ঠিক করেছিল। অন্তত এই একটি ক্ষেত্রে তাঁদের প্রশংসা করি। তা সত্ত্বেও আমরা তাঁকে দু’বার সাংসদ করেছি। অন্য লোকের টিকিট কেটে তাঁকে হাওড়ায় দাঁড় করানো হয়েছে। এঁরা যে বিশ্বাসঘাতকতা করেছে, সে জন্য ক্ষমা করিনি।”

মমতা বলেন, দলের তরফে ওই নেতাকে একাধিকবার রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছিল। এমনকি অন্য সম্ভাব্য প্রার্থীদের সরিয়ে তাঁকে গুরুত্বপূর্ণ আসনেও সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু সেই আস্থার প্রতিদান তিনি দিতে পারেননি। এই ধরনের আচরণকে তিনি সরাসরি বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেন এবং স্পষ্ট জানিয়ে দেন, এমন ঘটনার জন্য কোনও ক্ষমা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + twenty =