নয়াদিল্লি : কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি পশ্চিমবঙ্গের ৩ হাজার ৭৪৮ কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়ক প্রকল্পগুলির গুণমান এবং রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করেছেন। সংবাদমাধ্যম ও সমাজ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই পর্যালোচনা করা হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক সূত্রে জানা গেছে, সোমবার দিল্লিতে আয়োজিত এই বৈঠকে কেন্দ্রীয় সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রা, জাতীয় সড়ক কর্তৃপক্ষ, জাতীয় সড়ক ও পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেড, মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অন্যান্য অংশীদাররাও উপস্থিত ছিলেন।
জানা গেছে, নীতিন গড়করি মাঠ পর্যায়ে কাজ দ্রুত সম্পন্ন করা, গুণমান পর্যবেক্ষণ জোরদার করা এবং আধুনিক নির্মাণ পদ্ধতি গ্রহণের ওপর জোর দেন। তিনি বলেন, এর ফলে প্রকল্পগুলির স্থায়িত্ব বাড়বে, যাত্রার মান উন্নত হবে এবং নিরবিচ্ছিন্ন সংযোগ নিশ্চিত হবে। বৈঠকে তিনি কর্মকর্তাদের বর্ষার আগে প্রস্তুতির নির্দেশও দেন। যাতে বর্ষার মরশুমে যানচলাচলে ব্যাঘাত কম হয় এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

