মমতার নির্মম সরকার সাধারণ মানুষকে দুর্দশার মধ্যে ঠেলে দিয়েছে : জে পি নাড্ডা

কোচবিহার : তৃণমূল কংগ্রেস সরকারের কঠোর সমালোচনা করে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, মমতার নির্মম সরকার সাধারণ মানুষকে দুর্দশার মধ্যে ঠেলে দিয়েছে।

রবিবার কোচবিহারের শীতলকুচির নির্বাচনী জনসভা থেকে নাড্ডা বলেন, “এমনকি এখনও কেউ যদি নিজের বাড়ির জন্য দেওয়াল বানাতে চান, তার জন্যও তৃণমূল সিন্ডিকেটকে ভাগ দিতে হয়। বাংলার মেয়ে ঋতু প্রামাণিক, যিনি নিজের ছোট বাড়িটি বানাচ্ছিলেন, তাঁকে ভাগ হিসেবে এক লক্ষ টাকা দিতে বাধ্য করা হয়েছিল। ভাগ না দেওয়া পর্যন্ত তাঁর বাড়িতে কাজ করতে শ্রমিকরাও আসেনি। অবশেষে তিনি নিজের গয়না বিক্রি করে ভাগের টাকাটা দেন, তারপরেই তিনি নিজের বাড়ি বানাতে সক্ষম হন।”

নাড্ডা বলেছেন, “তৃণমূল মানে তোলাবাজি, তানাসাহি (স্বৈরাচার) এবং তোষণ। বাড়ি বানাতে হলে মানুষকে প্রথমে সিন্ডিকেটকে ঘুষ দিতে হয়। এই ধরনের সরকারকে ভোট দিয়ে ক্ষমতাচ্যুত করা উচিত।” নাড্ডা আরও বলেন, “কান খুলে শুনে নাও তৃণমূলের গুন্ডারা, ৫ মে-র পর তোমাদের দিন শেষ! তৃণমূলের গুন্ডাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা রামরাজ্যের দিকে এগিয়ে যাব।” নাড্ডা বলেন, “মমতা সরকারের উত্তরবঙ্গের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব রয়েছে। মমতা সরকার চায় না যে উত্তরবঙ্গের উন্নতি হোক। এখানকার উন্নয়ন বারবার থমকে গেছে। এখানকার মানুষ শোষিত হয়েছে, এমনকি চা বাগানগুলোও দুর্দশাগ্রস্ত। চা উৎপাদন প্রায় ১৫ শতাংশ কমে গেছে। প্রায় ৮০ শতাংশ চা বাগান হয় বন্ধ হয়ে গেছে অথবা দুর্বল হয়ে পড়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + eighteen =