ভবানীপুর নির্বাচন ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়, দায়ের করলেন পিটিশন

কলকাতা : তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে একটি নির্বাচনী পিটিশন দায়ের করেছেন। এই আবেদন জমা দেওয়ার জন্য তিনি নিজেই সশরীরে হাইকোর্টে হাজির হন এবং হাই কোর্টের আধিকারিকের সামনে স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে মামলাটি নথিভুক্ত করেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদিন তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, কুণাল ঘোষ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। আদালত চত্বরে তাঁর এই আগমনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৪ মে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে এসেছিলেন। সেদিন তিনি আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন। তাঁকে আইনজীবীদের পোশাকে দেখা গিয়েছিল। তবে মঙ্গলবার তিনি সাধারণ শাড়িতেই আদালতে পৌঁছান।

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে বিজেপি নেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ১৫,১০৫ ভোটে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই মমতা এই পরাজয় মেনে নেওয়ার বদলে ভোট প্রক্রিয়ার ওপর একাধিক প্রশ্ন তুলে আসছেন।

গত ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণার পরদিন, অর্থাৎ ৫ মে কালীঘাটে নিজের বাসভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে, তাঁর দল আসলে হারেনি, বরং নির্বাচনে কারচুপি এবং ভোট লুট করা হয়েছে। এবার সেই অভিযোগের ভিত্তিতেই তিনি আদালতের দ্বারস্থ হয়ে নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানালেন।

প্রসঙ্গত, ২০২১ সালে নন্দীগ্রাম বিধানসভা আসনে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ার পরও মমতা বন্দ্যোপাধ্যায় একটি নির্বাচনী পিটিশন দায়ের করেছিলেন। সেই মামলাটি এখনও আদালতে বিচারাধীন রয়েছে। এই আবহে ভবানীপুর নির্বাচন নিয়ে দায়ের করা তাঁর এই নতুন পিটিশনের ওপর এখন রাজনৈতিক ও আইনি মহলের গভীর নজর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =