কলকাতা : দুর্গাপুজোর মরসুমে কলকাতা শহরের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে কোমর বেঁধে নামছে কলকাতা পুলিশ। ভিড় সামলানোর ক্ষেত্রে এবার বিশেষ জোর দেওয়া হচ্ছে ‘ক্রাউড সার্কুলেশন’ বা পুজো প্রাঙ্গণে মানুষের গতিপ্রকৃতি মসৃণ রাখার ওপর। বুধবার লালবাজারে পুজো প্যান্ডেলগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত রূপরেখা তুলে ধরেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) সুদীপ সরকার।
যুগ্ম কমিশনার জানান, পুজো মণ্ডপগুলিতে ভিড় সামলানোর সার্বিক বন্দোবস্তের পাশাপাশি অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং অগ্নি-পরিদর্শন সংক্রান্ত বিষয়গুলোতে কড়া নজর রাখা হচ্ছে। তবে পুলিশের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তীব্র যানজট এবং দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশ-প্রস্থানের ব্যবস্থাপনা।
তিনি বলেন, “আমরা পুরো শহরকে সেক্টর অনুযায়ী ভাগ করে পরিকল্পনা সাজাচ্ছি। প্রতিটি সেক্টরে কতগুলি পুজো হচ্ছে এবং দর্শনার্থীদের চলাচল বা গতিবিধি কীভাবে হবে, তা বিস্তারিতভাবে পর্যালোচনা করা হচ্ছে।”
এর পাশাপাশি উৎসবের দিনগুলিতে অনিয়ন্ত্রিত গাড়ি পার্কিং নিয়ে সাধারণ মানুষকে যাতে দুর্ভোগে পড়তে না হয়, সে বিষয়েও আগাম প্রস্তুতি নিচ্ছে লালবাজার। সুদীপ সরকার জানান, “পার্কিং নিয়ে আমাদের বিশেষ সতর্কতা রয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে ট্র্যাফিক বিভাগকে সম্পূর্ণভাবে এই প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে। দর্শনার্থীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে পুজো উপভোগ করতে পারেন, তার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

