বীরভূম : বীরভূম জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা দিলেন হাসনের তৃণমূল কংগ্রেস বিধায়ক কাজল শেখ। তাঁর বিরুদ্ধে জেলা পরিষদের ১৯ জন তৃণমূল সদস্য অনাস্থা প্রস্তাব এনেছিলেন। শুক্রবার ওই প্রস্তাব নিয়ে বৈঠক ও সম্ভাব্য ভোটাভুটির আগে কাজল শেখের ইস্তফায় জেলা পরিষদের রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। বৃহস্পতিবার
জানা গিয়েছে, বুধবার (১৯ আগস্ট) কাজল শেখ সভাধিপতি পদ থেকে ইস্তফা দেন। বৃহস্পতিবার সকালে ইস্তফার কারণ ব্যাখ্যা করতে তাঁকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে হাজির হতে হয়। সেখানে কাজল শেখ জানান, ব্যক্তিগত কারণেই তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তাঁর উপর কোনও ধরনের চাপ ছিল না বলেও দাবি করেন তিনি। এরপরই তাঁর ইস্তফা গ্রহণ করা হয়।
বীরভূম জেলা পরিষদে মোট ৫২ জন সদস্য রয়েছেন। কাজল শেখের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা ১৯ জন তৃণমূল সদস্যকে দলের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ শিবিরের সঙ্গে যুক্ত বলে দাবি করা হচ্ছে। ফলে কাজল শেখের পদত্যাগকে বীরভূম তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব এবং ক্ষমতার সমীকরণের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ইস্তফার পর এবার জেলা পরিষদের নতুন সভাধিপতি কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা।

