কলকাতা : ১৯৯ রানের লক্ষ্য। ১০ রানের গড়। টি-টোয়েন্টি ক্রিকেটে এই রান তাড়া করতে হলে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেটাই করে দেখালেন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও সূর্যবংশী। তাদের বিধ্বংসী ব্যাটিং তান্ডবে পাওয়ার প্লেতে সর্বোচ্চ রান এবং দ্রুততম দলীয় ফিফটির বিশ্বরেকর্ড এদিন গড়েছে ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৮ রান তোলে নিউজিল্যান্ড।
জবাবে মাত্র ১৩.২ ওভারেই ৪ উইকেট হারিয়ে হাতে ৪০ বল রেখে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। রান তাড়ায় ওপেনিং এ অভিষেকের সঙ্গে নামেন বৈভব সূর্যবংশী। এই দুই ওপেনার মাত্র ২.২ ওভারে ৫০ রান পূর্ণ করেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পূর্ণ সদস্য দেশের মধ্যে এটিই দ্রুততম দলীয় ফিফটি। ভারত এদিন পাওয়ার প্লেতে বিনা উইকেটে ১১৮ রান তুলে নতুন বিশ্বরেকর্ড গড়ে। এর আগে প্রথম ছয় ওভারে এত রান তুলতে পারেনি কোনো দল। আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার দখলে। আগে ভারতের সর্বোচ্চ পাওয়ারপ্লে স্কোর ছিল ১০০, যা তারা নয়া দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে করেছিল। ভারত সেই ম্যাচটি ১২৭ রানে জিতেছিল।
মাত্র ৩৮ বলে ১১ ছক্কার মারে ১১৩ রান করে আউট হন অভিষেক। সূর্যবংশী এদিন ১৯ বলে ৪৫ রান করে আউট হন। তবে সঞ্জু স্যামসন(১৮) ও শ্রেয়াস আইয়ার(৫) বিশেষ সুবিধা করতে পারেননি। তবে শেষের কাজটা করেন নামান ধীর ও তিলক বর্মা। এ দিনের ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন অভিষেক শর্মা। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটিতে জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। আগামী শুক্রবার (৩০ অক্টোবর) চতুর্থ ম্যাচে মাঠে নামবে এই দুই দল।

