রাষ্ট্রসংঘে পাকিস্তানকে তুলোধোনা ভারতের, মাসুদকে নিয়ে ‘দ্বিচারিতা’ বন্ধের কড়া বার্তা

নয়াদিল্লি : সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের ‘দ্বিচারিতা’ এবং ভণ্ডামিকে আন্তর্জাতিক মঞ্চে কড়া ভাষায় ধুয়ে দিল ভারত। জইশ-ই-মহম্মদ প্রধান তথা কুখ্যাত জঙ্গি মাসুদ আজহারের মাথার দাম ঘোষণা করে পাকিস্তান যে আসলে নিজেদের মদতপুষ্ট সন্ত্রাসকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, রাষ্ট্রসংঘের সাধারণ সভায় দাঁড়িয়ে তা স্পষ্ট জানিয়ে দিল নয়াদিল্লি। কড়া বার্তা দিয়ে ভারত স্মরণ করিয়ে দেয়, ৯/১১, ২৬/১১ কিংবা পহেলগাম হামলার মতো নারকীয় ঘটনা বিশ্ববাসী আজও ভুলে যায়নি।

রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ‘রাইট অব রিপ্লাই’ বা প্রত্যুত্তরের অধিকার প্রয়োগ করে ভারতের ফার্স্ট সেক্রেটারি রঘু পুরী দ্ব্যর্থহীন ভাষায় জানান, কেবল ফাঁকা বুলি বা ঘোষণার মাধ্যমে সন্ত্রাসবাদকে পরাস্ত করা যায় না। সন্ত্রাসবাদের মূল হোতা, অর্থ জোগানদাতা এবং মদতদাতাদের বিরুদ্ধে বাস্তব ও কঠোর পদক্ষেপ নিতে হবে।

মাসুদ আজহার বর্তমানে আফগানিস্তানে গা ঢাকা দিয়ে রয়েছে—ইসলামাবাদের এই দাবি নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন পুরী। তিনি উল্লেখ করেন, পাকিস্তানের এই দাবি খোদ আফগানিস্তানের তালিবান সরকারই সরাসরি খারিজ করে দিয়েছে। পাশাপাশি মাসুদ আজহারের সন্ধান পেতে পাকিস্তান সরকার যে নতুন করে ৭০ লক্ষ রুপির পুরস্কার ঘোষণা করেছে, তাকে স্রেফ একটি “লোকদেখানো চাল” বা চমক বলে কটাক্ষ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =