দিল্লি বাড়ি মৃত্যু বেড়ে ৪; আহত ৮ জন, এখনও চলছে উদ্ধারকাজ

নয়াদিল্লি : জাতীয় রাজধানী দিল্লির নিউ সীমাপুরী এলাকায় ঈদগাহ মাছ বাজারের কাছে বুধবার বিকেলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি চারতলা আবাসিক ভবন। এই ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৪ জনের দেহ উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে একটি শিশুর দেহ। ঘটনায় গুরুতর জখম হয়েছেন অন্তত ৮ জন, যাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন আটকে থাকার আশঙ্কায় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে।

প্রশাসন সূত্রে খবর, বাড়িটি রাস্তার ঠিক কোণে অবস্থিত হওয়ায় ভবনটি ধসে পড়ার সময় শুধু আবাসিকরাই নন, রাস্তায় থাকা পথচারীদের একাংশও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। গতকাল থেকেই টানা রাতভর তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও পুলিশ। ঘটনাস্থলের পরিস্থিতি খতিয়ে দেখে জেলাশাসক অজয় কুমার জানান, উদ্ধারকাজের প্রায় ৭৫ শতাংশ ইতিবাচকভাবে সম্পন্ন হয়েছে, বাকি কাজ শেষ করতে আরও ৪-৫ ঘণ্টা সময় লাগতে পারে। ধ্বংসস্তূপ রাস্তার ওপর ছড়িয়ে পড়ায় কোনও পথচারী এখনও আটকে রয়েছেন কি না, তা অত্যন্ত সতর্কতার সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের দাবি অনুযায়ী, এখনও এক-দু’জন ভিতরে আটকে থাকতে পারেন।

প্রাথমিক তদন্ত ও স্থানীয়দের বয়ান অনুযায়ী জেলাশাসক আরও জানান, ভেঙে পড়া বাড়িটির গা ঘেঁষা পাশের বহুতলে কিছু বেআইনি নির্মাণকাজ চলছিল। সেই নিয়ে অভিযোগ দায়ের হওয়ার পর বাড়ির মালিক নিজেই অবৈধ অংশ ভাঙার জন্য শ্রমিক নিয়োগ করেছিলেন। গত ৩-৪ দিন ধরে সেখানে ভাইব্রেটিং যন্ত্রপাতির মাধ্যমে ভাঙার কাজ চলছিল। এলাকাটিতে মাত্র ২২–২৫ বর্গগজের ছোট প্লটের ওপর দুর্বল কাঠামোর বাড়িগুলি একে অপরের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকে। স্বতন্ত্র পিলার বা কলামের মতো মজবুত ব্যবস্থা না থাকায় পাশের বাড়ির তীব্র কম্পনই এই ধসের প্রধান কারণ বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − five =