মালদায় দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী, স্থায়ী সমাধানের আশ্বাস শুভেন্দুর

মালদা : রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে পূর্বতন সরকারকে কড়া আক্রমণ শানিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মালদায় দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ২৫০ কোটি টাকার ত্রাণ ও পুনর্বাসন প্যাকেজ বণ্টনের খতিয়ান তুলে ধরার পাশাপাশি এই জলযন্ত্রণা দূর করতে স্থায়ী বিজ্ঞানসম্মত সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “২৫০ কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়ার নজির কি ৩৪ বছরের বামফ্রন্ট শাসন কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের জমানায় কেউ কখনো কল্পনা করতে পেরেছে? যেখানে ২৫ হাজার ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য সম্পূর্ণ ভাঙনে ১ লক্ষ ৮০ হাজার টাকা এবং আংশিক ভাঙনে ৯০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, “এই জলমগ্নতা কেবল আজকের সমস্যা নয়, বিগত ২০ বছর ধরে মানুষ এই কষ্টে ভুগছেন। বিশেষ করে গত ৫-৬ বছর ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদের। কেউ কোনোদিন এদের কথা ভাবেনি। তাই আমার যা ছিল, সব উজাড় করে দিয়েছি। শুধু ত্রাণ নয়, এর একটা স্থায়ী সমাধানও আমি করব।”

সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের পরিকল্পনা তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, “যেহেতু আমি নিজে কোনো বিজ্ঞানী নই, তাই এই সমস্যার স্থায়ী সমাধানে আইআইটি কানপুরের বিশেষজ্ঞ দলের সাহায্য নেওয়া হবে। এই বিষয়ে রূপরেখা তৈরির জন্য ইতিমধ্যে মুখ্যসচিবকে যাবতীয় দায়িত্ব দেওয়া হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 5 =