অভিনেত্রী রাকুল প্রীত, প্রযোজক বাসু ভগনানি ও প্যানোরামা স্টুডিও-সহ একাধিক ঠিকানায় আয়কর বিভাগের অভিযান

মুম্বই : আয়কর বিভাগ সোমবার সকাল থেকে চলচ্চিত্র অভিনেত্রী রাকুল প্রীত সিং, চলচ্চিত্র প্রযোজক বাসু ভগনানি এবং প্যানোরামা স্টুডিও-সহ ১২টি ঠিকানায় আর্থিক অনিয়ম মামলায় তল্লাশি অভিযান চালাচ্ছে। তবে আয়কর বিভাগের পক্ষ থেকে এই অভিযানের বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিকভাবে তথ্য দেওয়া হয়নি।

আয়কর বিভাগের সূত্র মারফত জানা গেছে, বলিউড ও চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর চলচ্চিত্র প্রকল্প, শুটিং, ওভারসিজ ডিস্ট্রিবিউশন এবং প্রডাকশনের নামে বিদেশে অর্থ পাঠানোর অভিযোগ সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। আর্থিক লেনদেনে অনিয়ম এবং কর সংক্রান্ত গরমিলের বিষয়ে আয়কর বিভাগ কিছু গোপন তথ্য পেয়েছিল। তারই ভিত্তিতে মুম্বই আয়কর বিভাগের পৃথক দল কয়েকটি স্থানে তল্লাশি চালায়।

আয়কর বিভাগের অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। তল্লাশির সময় আর্থিক নথি এবং অন্যান্য রেকর্ড পরীক্ষা করা হচ্ছে। বিভাগের পক্ষ থেকে এই অভিযানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও বিস্তারিত কোনও তথ্য সামনে আসেনি।

উল্লেখ্য, রাকুল প্রীত সিং দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন এবং পরবর্তীতে হিন্দি সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি ‘দে দে পেয়ার দে’, ‘ডক্টর জি’ এবং ‘পতি পত্নি অউর ও’-র মতো সিনেমায় অভিনয় করেছেন। তিনি ‘রামায়ণ’-এর সঙ্গেও যুক্ত রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − one =