ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মহকুমা শাসকের দফতরে গুরুত্বপূর্ণ বৈঠক, দ্রুত কাজ শুরুর নির্দেশ মুখ্যমন্ত্রীর

ঘাটাল, পশ্চিম মেদিনীপুর : ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ দ্রুত শুরু ও নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার লক্ষ্যে ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। মুখ্যমন্ত্রীর নির্দেশেই মাস্টার প্ল্যানের কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে এই বৈঠক।

ঘাটালের মহকুমা শাসক অনন্য জানা, ঘাটালের বিধায়ক শীতল কপাট, মহকুমা পুলিশ আধিকারিক সপ্তর্ষি ভট্টাচার্য-সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে উঠে এসেছে, দ্রুততার সাথে পাঁচটি স্লুইস গেট
নির্মাণ। শুকচন্দ্রপুরে ৪টি স্লুইস গেট, চাওলিতে ১টি স্লুইস গেট নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার নদীবাঁধের কাজ করা হবে। এই কাজের জন্য ১১টি বিদ্যুতের খুঁটি অন্যত্র সরানোর প্রয়োজন হবে।কাজ চলাকালীন সাধারণ মানুষের যাতে কোনওরকম অসুবিধা বা ক্ষতি না হয়, সেই বিষয়টিও বিশেষভাবে আলোচনায় উঠে আসে। পাশাপাশি দ্রুত কাজ শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার বিষয়েও আলোচনা হয়।ঘাটালের বিধায়ক শীতল কপাট জানান, “মাস্টার প্ল্যানের কাজ করতে গিয়ে সাধারণ মানুষের যাতে কোনও ক্ষতি না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হবে। এটি একদিনের কাজ নয়। আগামী চার বছরের মধ্যে ঘাটালের মানুষকে বন্যার দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যেই এই প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।”

দীর্ঘদিনের বন্যা সমস্যার স্থায়ী সমাধানের আশায় এখন ঘাটালবাসীর নজর মাস্টার প্ল্যানের বাস্তবায়নের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *