সুমন মণ্ডল, চন্দ্রকোনা : পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় ঘূর্ণিঝড় ‘আকভান’-এর সম্ভাব্য প্রভাব ঘিরে চরম উদ্বেগে কৃষকরা। মাঠজুড়ে পাকা ধান। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই ঘরে উঠত সারা বছরের পরিশ্রমের ফসল। কিন্তু দুর্যোগের আশঙ্কায় এখন সেই ধান দ্রুত ঘরে তোলার মরিয়া চেষ্টা চালাচ্ছেন কৃষকরা।
কৃষকদের আশঙ্কা, ঝড়-বৃষ্টির প্রভাবে মাঠের পাকা ধান মাটিতে শুয়ে পড়তে পারে। এমনকী বৃষ্টির জলে জমিতে জল দাঁড়িয়ে গেলে কাটা ধানও নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। ধান পচে গেলে তার গুণগত মান কমবে, পাশাপাশি বাজারে মিলবে আরও কম দাম।

অন্যদিকে, ধান কাটতে দেরি হলে পিছিয়ে যেতে পারে আলু চাষও। বর্তমানে আলুর বাজারদর কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও আলু চাষের ক্ষেত্রে বাড়তি খরচ নিয়ে চিন্তায় কৃষকরা। আলুর বীজ থেকে শুরু করে রাসায়নিক সার—সবকিছুর দামই বেশি। ফলে সময়মতো আলু চাষ শুরু করতে না পারলে আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।
একদিকে ধানের দাম নিয়ে হতাশা, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা এবং আলু চাষের বাড়তি খরচ সব মিলিয়ে দুশ্চিন্তায় চন্দ্রকোনার কৃষক সমাজ। কৃষিকাজই যাঁদের সারা বছরের জীবিকার প্রধান অবলম্বন, তাঁদের এখন একটাই চিন্তা, কীভাবে বাঁচানো যাবে মাঠভরা পাকা ধান।
এখন আকাশের দিকে তাকিয়ে কৃষকরা। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব কতটা পড়বে, তার দিকেই অধীর অপেক্ষায় তাকিয়ে রয়েছেন কৃষারা।

