নয়াদিল্লি : নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিঙ্ক’ হিসেবে প্রচার করা একাধিক পানীয় প্রস্তুতকারী সংস্থাকে বিভ্রান্তিকর ব্র্যান্ডিং ও ভ্রান্ত দাবি করার অভিযোগে নোটিস পাঠিয়েছে ভারতের খাদ্য সুরক্ষা ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এফএসএসএআই)। সংস্থার দাবি, এই পণ্যগুলির প্রচার ও লেবেলিং খাদ্য সুরক্ষা এবং লেবেলিং সংক্রান্ত বিধি লঙ্ঘন করেছে।
যেসব ব্র্যান্ডকে নোটিস পাঠানো হয়েছে, তার মধ্যে রয়েছে রেড বুল এনার্জি ড্রিঙ্ক, স্টিং এনার্জি ড্রিঙ্ক, মনস্টার এনার্জি, ক্যাম্পা গোল্ড বুস্ট, অ্যাড্রেনালিন রাশ এবং হেল এনার্জি।
এফএসএসএআই সংশ্লিষ্ট সংস্থাগুলির কাছে ব্যাখ্যা চেয়ে অবিলম্বে বিভ্রান্তিকর দাবি ও ভুল ব্র্যান্ডিং সংশোধনের নির্দেশ দিয়েছে। পাশাপাশি পণ্যগুলির বিপণন, লেবেলিং এবং প্রচার পদ্ধতি নিয়েও কড়া আপত্তি জানানো হয়েছে।
নোটিসে স্পষ্ট করে বলা হয়েছে, ভারতে ‘এনার্জি ড্রিঙ্ক’ নামে কোনও স্বীকৃত খাদ্য শ্রেণি নেই। এছাড়া ‘মস্তিষ্ক ও শরীরে স্ফূর্তি আনে’, ‘মনোযোগ বাড়ায়’, ‘শরীরে শক্তি বৃদ্ধি করে’ বা ‘সাধারণ দুর্বলতা দূর করে’— এ ধরনের চিকিৎসাগত বা কার্যকারিতাসংক্রান্ত দাবি খাদ্য সুরক্ষা ও মান আইন, ২০০৬ অনুযায়ী অনুমোদিত নয়।

