কলকাতা : একুশে জুলাইয়ের সমাবেশে আদালত অবমাননা মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে লড়ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেকের হয়ে লড়ছেন কে? কলকাতা হাই কোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে দাঁড়িয়ে বর্ষীয়ান আইনজীবী কার্যত ‘নির্বাক’ হয়ে থাকায় তৈরি হয় অস্বস্তি।
শুক্রবার হাই কোর্টে শুনানিতে বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করবেন। প্রশ্ন ওঠে, তাহলে অভিষেকের বিরুদ্ধে কে লড়বেন? কল্যাণবাবু সোজাসাপ্টা কোনও জবাব দেননি। পরিবর্তে খানিকটা ইতস্ততবোধ করেন।
আদালতের বক্তব্য, তাহলে তাঁর বিরুদ্ধে রুল জারি করতে হবে। তাতেই স্পষ্ট হয়ে যায় এখনও অভিষেক ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের বরফ গলেনি।
পালাবদলের পর দলের অধিকাংশ নেতাই ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলের ‘সেকেন্ড ইন্ড কমান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।
সরাসরি নাম না করলেও আইপ্যাককে নিশানা করে আদতে অভিষেককে বিঁধেছিলেন কল্যাণবাবুও। তারই মাঝে অভিষেকের বিধানসভায় সই জাল মামলা থেকে আইনজীবী হিসাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়। তখনই ক্ষুব্ধ কল্যাণবাবু জানিয়েছিলেন আর অভিষেকের হয়ে মামলা লড়বেন না।
এদিনের হাইকোর্টের ঘটনায় স্বাভাবিকভাবে উঠে এলো প্রাসঙ্গিক সে বিষয়।

