কলকাতা : এবার আকাশপথেও ঘটতে চলেছে বিপ্লব। পরিবর্তনের বাংলায় হতে চলেছে আরও চারটি বিমানবন্দর। আর সেই বিমানবন্দরগুলি তৈরির লক্ষ্যেই সোমবার কলকাতায় কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সঙ্গে চুক্তি স্বাক্ষর হল রাজ্য সরকারের।
রাজ্যে সরকার পরিবর্তনের পাঁচ মাসের মধ্যেই ডবল ইঞ্জিনে দারুণ গতি! একাধিক প্রকল্পের জন্য ইতিমধ্যেই আসতে শুরু করেছে কেন্দ্রের টাকা। দুই সরকারের দাবী, খুব কম সময়ের মধ্যে উন্নয়নের মুখ দেখছে বাংলা।
রাজ্যে পালাবদলের পর পুরুলিয়ার ছররা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, আলিপুরদুয়ারের হাসিমারা সিভিল এনক্লেভ এবং পশ্চিম মেদিনীপুরের কালাইকুন্ডায় এই চারটি বিমানবন্দর নতুন করে চালু করার সিদ্ধান্ত নেন বিজেপি সরকার। গোটা বাংলাকে আকাশপথে জুড়তে নেওয়া হয় উদ্যোগ।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে বালুরঘাট বিমানবন্দর ঘুরে দেখেছেন। দ্রুত এই বিমানবন্দর চালুর বিষয়ে প্রশাসনিক বৈঠক সারেন। এমনকী রাজ্যের অন্যান্য মন্ত্রীরাও বাকি বিমানবন্দরগুলির পরিস্থিতি খতিয়ে দেখেন। মুখ্যমন্ত্রী সেই সময়েই জানিয়েছিলেন, কেন্দ্রের উড়াল প্রকল্পে এই বিমানবন্দরগুলিকে চালু করা হবে। এবার তা বাস্তব হওয়ার পালা।
নবান্ন সভাঘরে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিনজারাপু রামমোহন নাইডু।
কেন্দ্রের উড়ান প্রকল্পের আওতায় এই চার বিমানবন্দর চালু হয়ে গেলে ৭২ আসন বিশিষ্ট বিমান চলাচল করবে। এর ফলে বাংলার বিভিন্ন প্রান্তের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। শুধু তাই নয়, শিল্পায়নেও গতি আসবে বলেও মত। শুধু তাই নয়, গোটা দেশের বিমান নেটওয়ার্কের সঙ্গেও বাংলাজুড়ে যাবে বলেও আশা।

