কলকাতা : প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত মেডিকেল রেকর্ড ও চিকিৎসা সংক্রান্ত গোপন নথি অনুমতি ছাড়া জনসমক্ষে আনার অভিযোগে কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করা হলো।
এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ এবং রাজ্য স্বাস্থ্য দফতরের একাধিক পদাধিকারীকে এই মর্মে সরাসরি আইনি নোটিশ পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। নোটিশে বলা হয়েছে, কোনও প্রকার অনুমতি না নিয়েই প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসা সংক্রান্ত সংবেদনশীল তথ্য ও মেডিকেল রিপোর্ট প্রকাশ করা হয়েছে, যা মেডিকেল গোপনীয়তা আইন এবং চিকিৎসকদের পেশাগত আচরণবিধির চরম লঙ্ঘন।
সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর তরফে এই চিঠি পাঠানো হয়েছে, এসএসকেএম হাসপাতালের অধিকর্তা, ভাইস প্রিন্সিপাল,এবং নিউরোলজি (নিউরো সায়েন্স) বিভাগের প্রধানকে। আইনজীবীর অভিযোগ, একজন রোগীর চিকিৎসা সম্পর্কিত তথ্য সম্পূর্ণ গোপন রাখা হাসপাতাল ও চিকিৎসকদের আইনি ও নৈতিক দায়িত্ব। সেই গোপনীয়তা ভঙ্গ করে তথ্য জনসমক্ষে আনা গুরুতর অপরাধ।
এই ঘটনার যথাযথ ব্যাখ্যা না মিললে এবং প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে কড়া আইনি পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

