কলকাতা : সোমবার রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ বিধানসভায়। এদিন বাজেট ঘোষণায় রাজ্যের বিভিন্ন সরকারি শূন্য পদে ১ লক্ষ কর্মী নিয়োগের বার্তা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তাতে ৩৩ শতাংশ মহিলা নিয়োগ করা হবে। তার মধ্যে ২০ হাজার পুলিশ বিভাগ, ৫০ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। ইউপিএসসি-র ধাঁচে পরিকাঠামো গড়ে নিয়োগ করা হবে বলে জানান তিনি। সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে ৫ বছর ছাড় দেওয়া হয়েছে। এই সুবিধা পরবর্তী ২ বছরের জন্য বহাল থাকবে।
এছাড়া স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বৃদ্ধি করে মাসে ১৬ হাজার টাকা করা হবে। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ, হোমগার্ডদের পারিশ্রমিক মাসিক ২ হাজার টাকা করে বৃদ্ধি। এনভিএফ কর্মী, প্রাণীবন্ধু, প্রাণীমিত্রদের পারিশ্রমিক ২ হাজার টাকা বৃদ্ধি।
আগস্ট থেকে মিলবে বাড়তি টাকা। অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের মাসিক ৫ হাজার টাকা বেতন বৃদ্ধির ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর।অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য ৫ হাজার টাকা করে ভাতার ঘোষণা করা হয় এদিন।
সব সামাজিক প্রকল্প চালু থাকবে: স্বপন দাশগুপ্ত
সোমবার রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ বিধানসভায়। এদিন বাজেট ঘোষণার শুরুতেই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, রাজ্যে চালু থাকা সকল সামাজিক সুরক্ষাপ্রকল্প অব্যাহত থাকবে। তিনি বলেন, সরকারি প্রকল্পের সুবিধা যাতে সকলের কাছে পৌঁছয়, তা দেখার চেষ্টা করা হবে। সরকারি প্রকল্পের সুবিধা সমাজের সবচেয়ে দুর্বল শ্রেণির কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে। এই প্রকল্পগুলির প্রয়োজনীয় পরিবর্তন ঘটাতে হবে। পাশাপাশি, কেন্দ্রের আর্থিক সাহায্য এবং সংস্কারের হাত ধরে রাজ্যের ঋণের অঙ্ক কমিয়ে আয়ের পথে হাঁটা হবে। রাজ্যে মোট ঋণ রয়েছে ৮ লক্ষ ১৫ হাজার ৮৯১ কোটি টাকার। ঘোষণা করলেন অর্থমন্ত্রী।

