ফের চার আইপিএস-কে বদলির নির্দেশ নির্বাচন কমিশনের

কলকাতা : রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রশাসনিক রদবদল অব্যাহত। মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে কলকাতা পুলিশের চারজন আইপিএস আধিকারিককে তাঁদের বর্তমান পদ থেকে সরিয়ে নির্বাচনী কাজের জন্য নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। আসন্ন নির্বাচনের জন্য তাঁদের নোডাল অফিসার হিসেবে নিয়োগ করে বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। এই বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্য সচিবালয় নবান্নে জরুরি বার্তা পাঠানো হয়েছে এবং নবান্নও আনুষ্ঠানিকভাবে এই রদবদল ঘোষণা করেছে।

কমিশন সূত্রে জানানো হয়েছে, বদলি হওয়া চার পুলিশ আধিকারিক হলেন— নীলাঞ্জন বিশ্বাস, অজয় প্রসাদ, শুভঙ্কর ভট্টাচার্য এবং বিদিত রাজ ভূন্দেশ। এঁরা সকলেই বর্তমানে কলকাতা পুলিশে কর্মরত।

নতুন দায়িত্ব অনুযায়ী, কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার নীলাঞ্জন বিশ্বাসকে কলকাতা (উত্তর) এবং অজয় প্রসাদকে কলকাতা (দক্ষিণ) এলাকার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। অপর জয়েন্ট কমিশনার শুভঙ্কর ভট্টাচার্যকে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

পাশাপাশি, বর্তমানে গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনার পদে কর্মরত বিদিত রাজ ভূন্দেশকে এই তিনটি সংশ্লিষ্ট এলাকাতেই আদর্শ আচরণবিধি কঠোরভাবে পালিত হচ্ছে কি না, তার নজরদারির নির্দেশ দিয়েছে কমিশন।

উল্লেখ্য, নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন ধারাবাহিকভাবে পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের রদবদল করছে। এই চার আধিকারিককে অবিলম্বে তাঁদের নতুন দায়িত্বভার গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − ten =