প্রথম দফার ভোটের আগে পর্যটকদের দিঘা-মন্দারমণি ছাড়ার নির্দেশ নির্বাচন কমিশনের

কলকাতা : রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের আগে নিরাপত্তা নিশ্চিত করতে পর্যটন কেন্দ্রগুলিতে কড়া বিধিনিষেধ আরোপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেলের মধ্যেই দিঘা, মন্দারমণি এবং তাজপুরের মতো জনপ্রিয় পর্যটনস্থলগুলি পর্যটকদের ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশনের জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে, প্রথম দফার নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বাইরের জেলার কোনও বাসিন্দা বা রাজনৈতিক দলের নেতা-কর্মী এই পর্যটন কেন্দ্রগুলিতে থাকতে পারবেন না। এই নির্দেশের ভিত্তিতে হোটেল গুলোও জানিয়ে দিয়েছে যে, ২১ তারিখ বিকেল থেকে ২৩ তারিখ পর্যন্ত কোনও হোটেল বা গেস্ট হাউসে বাইরের কাউকে থাকতে দেওয়া হবে না।

আগামী ২৩ তারিখ, বৃহস্পতিবার রাজ্যের ১৫২টি আসনে প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে পূর্ব মেদিনীপুরের রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দিঘা, মন্দারমণি, তাজপুর, উদয়পুর ও শংকরপুরের মতো পর্যটন কেন্দ্রগুলো পড়ছে। সারাবছর এই এলাকাগুলোতে পর্যটকদের ভিড় থাকলেও নির্বাচনের প্রাক্কালে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ২৩ এপ্রিল ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই বিধিনিষেধ জারি থাকবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই নিয়ম লঙ্ঘন করলে তা ‘ভারতীয় ন্যায় সংহিতা’ (২০২৩) এর ২২৩ নম্বর ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 5 =