বেলডাঙা-কাণ্ডে ১৫ জনের জামিন খারিজের মামলা ছাড়লো কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ

কলকাতা : বেলডাঙা-কাণ্ডে ১৫ জনের জামিন খারিজের মামলা ছেড়ে দিল কলকাতা হাই কোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ওই ১৫ জনকে নিম্ন আদালত জামিন দিয়েছিল। যার বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হয় এনআইএ। মঙ্গলবার ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, এই মামলায় ইউএপিএ ধারা যুক্ত করা হবে কিনা, সেই বিষয়টি প্রধান বিচারপতির কাছে বিচারাধীন। তাই এই ডিভিশন বেঞ্চে জামিন খারিজের বিষয়টির শুনানি সম্ভব নয়। শুনানি চলাকালীন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, এই মামলায় ইউএপিএ-র ধারা প্রযোজ্য হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র প্রধান বিচারপতির। তাই এই ডিভিশন বেঞ্চে মামলার শুনানি সম্ভব নয়। এই আইনি জটিলতার কারণেই মামলাটি পুনরায় প্রধান বিচারপতির বেঞ্চে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বেলডাঙায় হিংসার ঘটনায় গ্রেফতার হওয়া ১৫ জন অভিযুক্তকে সম্প্রতি জামিন দেয় এনআইএ-র বিশেষ আদালত। জামিনের মূল কারণ হিসেবে আদালত উল্লেখ করেছিল যে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে এনআইএ চার্জশিট দাখিল করতে পারেনি। এই জামিন নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।

উল্লেখ্য, ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে জানুয়ারি মাসে অশান্ত হয়ে ওঠে বেলডাঙা। দফায় দফায় উত্তেজনা ছড়ায়। ভাঙচুর, রেল অবরোধ, জাতীয় সড়কে বিক্ষোভ, সাংবাদিকদের মারধরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। ঘটনার পর পরই তদন্ত শুরু করে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অশান্তির ঘটনায় যুক্ত অভিযুক্তদের গ্রেফতারও করা হয়। তবে হাই কোর্টের নির্দেশের পর এই মামলার তদন্তভার যায় এনআইএ-র হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 11 =