সামনেই আইএসএল ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু। তাই আইএফএ শিল্ডে বিদেশি ফুটবলারদের নিয়ে ঝুঁকি না নিয়ে দেশীয় ব্রিগেডের উপরই ভরসা রাখল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার কাদামাখা মাঠে কলকাতা কাস্টমসকে ৩-১ গোলে হারিয়ে ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় জয় দিয়ে অভিযান শুরু করল লাল-হলুদ। বৃষ্টিতে ভারী হয়ে থাকা মাঠে শুরু থেকেই অবশ্য স্বস্তিতে ছিল না ইস্টবেঙ্গল। বরং ১২ মিনিটে রানা ঘরামির গোলে এগিয়ে যায় কাস্টমস। গোল খেয়ে চাপে পড়লেও ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে লাল-হলুদ। ২৯ মিনিটে বরিসের কর্নার থেকে মাথা ছুঁইয়ে সমতা ফেরান রোহিত কুমার। প্রথমার্ধে কাদামাঠে পাসিং ও গতি বারবার ব্যাহত হলেও গোলরক্ষক গৌরব সাউ একাধিকবার দলকে বিপদ থেকে বাঁচান।
বিরতির পর অবশ্য অন্য ছবি। নিজেদের ভুল শুধরে আক্রমণে গতি বাড়ায় ইস্টবেঙ্গল। ৫২ মিনিটে আকাশ হেমব্রমের বাড়ানো বল ধরে দলকে এগিয়ে দেন রোহিত দানু। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজেদের হাতে তুলে নেয় লাল-হলুদ। ৮৫ মিনিটে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন আকাশ হেমব্রম। শিল্ডের মতো ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় এটিই তাঁর প্রথম গোল।
সামনে আরও কঠিন সূচি থাকায় এই ম্যাচে একাধিক তরুণ ফুটবলারকে সুযোগ দেওয়া হয়েছে। কাস্টমসের বিরুদ্ধে জয় সেই পরিকল্পনাকে সফল করল। তবে পরের ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে নামার আগে প্রথমার্ধের ভুলত্রুটি শুধরে দলকে আরও গুছিয়ে নেওয়ার বার্তা রয়েছে কোচিং শিবিরের তরফে।

