কলকাতা : রাজনীতি ছেড়ে দুবাইয়ে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখলেন পশ্চিমবঙ্গের নওদার বিধায়ক হুমায়ুন কবীর। বরং এবার ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে বড়সড় রাজনৈতিক প্রস্তুতির কথা ঘোষণা করলেন তিনি। মঙ্গলবার হুমায়ুন কবীর জানান, আগামী লোকসভা নির্বাচনে তিনি মুর্শিদাবাদ এবং বহরমপুর—এই দুটি কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উল্লেখ্য, রেজিনগর বিধানসভা উপনির্বাচনের সময় রাজ্য ও জেলা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অহেতুক হয়রানির অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন হুমায়ুন কবীর। তাঁর অভিযোগ ছিল, উপনির্বাচনে তাঁর ছেলেকে স্বাধীনভাবে প্রচার করার পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি। সেই সময় অভিমানে তিনি রাজনীতি ছেড়ে স্থায়ীভাবে দুবাইয়ে চলে যাওয়ার কথাও ঘোষণা করেছিলেন। তবে প্রায় দেড় মাস পর এবার তাঁর সুর অনেকটাই বদলে গিয়েছে।
আগামী ৪ ডিসেম্বর থেকে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবীর স্পষ্ট জানান, অধিবেশনের প্রথম দিন তিনি বিধানসভায় উপস্থিত থাকবেন এবং সপ্তাহান্ত থাকায় সেদিনই আবার মুর্শিদাবাদে ফিরে যাবেন।
শাসকদলের সঙ্গে দূরত্ব এবং নিজের বিধানসভা এলাকার উন্নয়নমূলক কাজকর্ম প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলেন, উপনির্বাচনের সময় পুলিশ তাঁর সমর্থক ও কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাঁদের নির্বাচনী কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছিল। এই ঘটনায় তিনি অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। তবে বর্তমানে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তিনি জানান, এলাকার মানুষ উন্নয়নের স্বার্থেই তাঁকে বিধায়ক হিসেবে নির্বাচিত করেছেন এবং তিনি তাঁর কেন্দ্রের মানুষের জন্য প্রয়োজনীয় কাজ চালিয়ে যাবেন।
মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে প্রশ্ন করা হলে হুমায়ুন কবীর জানান, তাঁর সমস্ত মান-অভিমান এখন মিটে গিয়েছে। রাজ্য প্রশাসনের সর্বোচ্চ পদে আসীন ব্যক্তির সঙ্গে এলাকার উন্নয়নের প্রয়োজনে তিনি অবশ্যই দেখা করবেন এবং কথা বলবেন। তাঁর মতে, মুখ্যমন্ত্রীকে এড়িয়ে রাজ্যে কোনো উন্নয়নমূলক কাজ করা সম্ভব নয়।
এরই পাশাপাশি ২০২৯ সালের লোকসভা নির্বাচন নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। হুমায়ুন কবীর বলেন, তাঁর দীর্ঘদিনের ইচ্ছা বহরমপুর এবং মুর্শিদাবাদ—উভয় লোকসভা কেন্দ্র থেকেই নির্বাচনে লড়াই করার। আসন পুনর্বিন্যাসের (ডিলিমিটেশন) কারণে ভবিষ্যতে এই কেন্দ্রগুলির ভৌগোলিক অবস্থানে কোনো পরিবর্তন হলে তা আলাদা বিষয়, তবে আপাতত তিনি দুটি আসন থেকেই নির্বাচনী ময়দানে নামার বিষয়ে মনস্থির করেছেন।

