মালদা মেডিকেল কলেজে একদিনে ১০ সদ্যজাতের মৃত্যু, স্বাস্থ্য ভবনের রিপোর্ট তলব

মালদা : মালদা মেডিকেল কলেজ হাসপাতালে একদিনের ব্যবধানে ১০ সদ্যজাত শিশুর মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। পুরো বিষয়টিতে উদ্বেগ প্রকাশ করে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন।

মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের। একদিনে ১০ সদ্যজাতের মৃত্যুর বিষয়টি স্বীকার করেছে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষও।

হাসপাতাল সূত্রে খবর, যে ১০ জন শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৮ জনকেই আশঙ্কাজনক অবস্থায় বাইরের অন্যান্য সরকারি হাসপাতাল বা নার্সিংহোম থেকে মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়েছিল।

প্রাথমিক তথ্য অনুযায়ী, শিশুগুলির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। শ্বাসকষ্ট, জন্ডিস এবং হৃদযন্ত্রজনিত জটিলতাসহ একাধিক গুরুতর সমস্যার কারণেই সদ্যজাতগুলির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

মালদা মেডিকেল কলেজের মেডিকেল সুপারিনটেনডেন্ট প্রসেনজিৎ বর জানান, সম্প্রতি একদিনেই ১০ সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছিল। তবে এই ১০ জন শিশুর মধ্যে মাত্র দু’জনের জন্ম মালদা মেডিকেল কলেজে হয়েছিল। বাকি আটজন শিশুকে অত্যন্ত সংকটজনক অবস্থায় বাইরে থেকে এখানে রেফার করে আনা হয়েছিল।

তিনি আরও জানান, এই ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যেই প্রাথমিক রিপোর্ট পাঠিয়েছে এবং খুব শীঘ্রই বিস্তারিত পূর্ণাঙ্গ রিপোর্ট স্বাস্থ্য ভবনে জমা দেওয়া হবে।

স্বাস্থ্য দপ্তরের তদন্ত এবং বিস্তারিত রিপোর্ট আসার পরেই পরিষ্কার হবে এই সদ্যজাতগুলির মৃত্যুর প্রকৃত কারণ কী ছিল এবং হাসপাতালে আনার সময় তাদের শারীরিক অবস্থা কতটা আশঙ্কাজনক ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + nineteen =