মুর্শিদাবাদ : ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন লালগোলা থানার পুলিশ বুধবার সকালে এক অভিযান চালিয়ে ছয়জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। লালগোলা থানার মধুপুর এলাকায় এই পুলিশি অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট খবরের ভিত্তিতে লালগোলা থানার পুলিশ মধুপুর এলাকায় একটি তল্লাশি অভিযান পরিচালনা করে। সেই সময় সন্দেহভাজন হিসেবে ঘোরাফেরা করা ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। আটক ব্যক্তিদের পরিচয় জানা গিয়েছে— চাঁপাইনবাবগঞ্জ জেলার রুবেল শেখ (৩৬) ও আবুল হালিম (২৮), রাজশাহী জেলার কবীর শেখ (৩১), মিজানুর রহমান (৩৪) ও রিমন আলী (১৮) এবং মানিকগঞ্জ জেলার বাসিন্দা ৩৯ বছর বয়সি আমিনুল।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, প্রায় এক মাস আগে তাঁরা বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন। তবে ভারতে তাঁদের প্রবেশ কোন পথে হয়েছিল এবং এর পেছনে কী কারণ রয়েছে, লালগোলা থানার পুলিশ তা বিস্তারিতভাবে খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।
বর্তমানে ৬ জনকেই লালগোলা থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। পুলিশ সূত্র অনুযায়ী, পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁদের হোল্ডিং সেন্টারে পাঠানো হবে।
লালেগোলা এলাকায় একের পর এক বাংলাদেশি নাগরিক ধরা পড়ার ঘটনায় সীমান্ত সুরক্ষা ও অবৈধ অনুপ্রবেশের বিষয়টি ফের একবার চর্চায় উঠে এসেছে।

