কলকাতা : কলকাতার তারাতলায় ভেঙে পড়া শেডের ধ্বংসস্তূপে আটকে পড়াদের বাঁচাতে বৃহস্পতিবার রাতভর চলল উদ্ধারকাজ। একদিকে সেনা, অন্যদিকে এনডিআরএফ, স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, কলকাতা পুলিশ এবং দমকল বাহিনীর মিলিত প্রচেষ্টায় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত, ধ্বংসস্তূপ থেকে এ যাবৎ ৩১ জনকে বের করে আনা সম্ভব হয়েছে, যার মধ্যে ১৫ জনকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেছেন। বৃহস্পতিবার রাতে আরও তিন জনের দেহ উদ্ধার করে এসএসকেএমে আনা হয়। তাঁদের মধ্যে একজন হলেন শ্যামনগরের বাসিন্দা স্বপন মণ্ডল।
ওই ব্যক্তি বুধবার প্রথম তারাতলায় কাজে এসেছিলেন। বাকি দুটি দেহের পরিচয় এখনও মেলেনি। অন্যদিকে ট্রমা কেয়ারে চিকিৎসাধীন বিহারের মুঙ্গেরের বাসিন্দা মন্নু কুমারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে তাঁর অস্ত্রোপচার করা হলেও আর বাঁচানো যায়নি।

