‘টুকরে টুকরে গ্যাং’-এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে মা-বোনেদের আবেদন মুখ্যমন্ত্রীর

কলকাতা : দেশ মাতৃকা ও জাতীয় সংস্কৃতি রক্ষায় মা-বোনেদের বীরাঙ্গনার ভূমিকায় অবতীর্ণ হয়ে ‘টুকরে টুকরে গ্যাং’-এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার ‘অন্নপূর্ণা যোজনা’ ও একাধিক নারীকল্যাণমুখী প্রকল্পের বিস্তারিত রূপরেখা তুলে ধরে তিনি কলকাতায় এক অনুষ্ঠানে বলেন, যে অপশক্তি বা ‘টুকরে টুকরে গ্যাং’ দেশের অভ্যন্তরে থেকে স্বদেশপ্রেম ও জাতীয়তাবাদে আঘাত হানতে চায়, তাদের বিরুদ্ধে মাতঙ্গিনী হাজরা, রানি রাসমণি, রানি শিরোমণি, বীণা দাস কিংবা প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো নারীদেরই অগ্রণী ভূমিকা নিতে হবে।

মুখ্যমন্ত্রী বলেন, উত্তর কলকাতার ৬০টি ওয়ার্ডে অন্নপূর্ণা যোজনার উপভোক্তা ও মা-বোনেদের নিয়ে ‘অন্নপূর্ণা যোজনা বাহিনী’ বা একটি সামাজিক গোষ্ঠী গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে, যা নারী অধিকার রক্ষা ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হবে। একই সঙ্গে, প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখতে আগামী ২০ অগস্ট থেকে একটি বিশেষ ওয়েব পোর্টাল চালু করা হচ্ছে।

কোনও উপযুক্ত মহিলা অর্থ না পেলে কিংবা কোনও অনুপযুক্ত মহিলা অর্থ পেয়ে থাকলে সেখানে সরাসরি আপত্তি ও আবেদন জানানো যাবে। স্বচ্ছতা বজায় রাখতে বিত্তশালী মহিলাদের এই সুবিধা ত্যাগ করে অন্য দুঃস্থ বোনদের সুযোগ করে দেওয়ার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 18 =