তারাপীঠে ১৫টি হোটেল বন্ধ করার নির্দেশ প্রশাসনের

বীরভূম : তারাপীঠে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির পরেই কড়া পদক্ষেপ করল প্রশাসন। ফায়ার লাইসেন্স এবং খাদ্য ও নিরাপত্তা সংক্রান্ত বৈধ অনুমতি না থাকায় তারাপীঠ এলাকার ১৫টি হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানান রামপুরহাটের মহকুমাশাসক অশ্বিনী কুমার সিং রাঠোর।

সোমবার তারাপীঠের একটি বেসরকারি হোটেলে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে মোট ৯ জনের মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনার পরপরই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। দুর্ঘটনার কারণ নির্ধারণ এবং তারাপীঠ এলাকার অন্যান্য হোটেল ও লজগুলির নিরাপত্তা যাচাই করতে পুলিশ, স্থানীয় প্রশাসন, বিদ্যুৎ দফতর এবং লজ মালিকদের নিয়ে একটি বিশেষ অডিট কমিটি গঠন করা হয়। মঙ্গলবার সকালে এসডিও অফিসে এই অডিট কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকে এলাকার হোটেলগুলির সুরক্ষাবিধি ও প্রয়োজনীয় সরকারি লাইসেন্স রয়েছে কি না, তা নিয়ে বিশদ পর্যালোচনা করা হয়।

বৈঠক শেষে মহকুমাশাসক অশ্বিনী কুমার সিং রাঠোর জানান, অডিটের প্রাথমিক তথ্যের ভিত্তিতে ১৫টি হোটেল চিহ্নিত করা হয়েছে। এগুলির কয়েকটির ক্ষেত্রে অগ্নিনির্বাপক লাইসেন্স নেই, আবার কয়েকটির ক্ষেত্রে রান্নাবান্নার জন্য প্রয়োজনীয় লাইসেন্স নেই। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নজরদারি আগামী দিনেও জারি থাকবে। লাইসেন্সহীন ও সুরক্ষাবিহীন কোনও হোটেলকেই ব্যবসা চালানোর অনুমতি দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 11 =