কলকাতা : কলকাতা হাই কোর্টের প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী ফিরদৌস শামিম, বিক্রম বন্দ্যোপাধ্যায়দের চেম্বার ঘেরাও ও হেনস্থার ঘটনায় পদক্ষেপ নিল উচ্চ আদালত। এই ঘটনায় জড়িত তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে ২ হাজার টাকা এবং বাকি অভিযুক্তদের ১ হাজার টাকা জরিমানা করল কলকাতা হাই কোর্ট। সোমবার তিন বিচারপতির বিশেষ বেঞ্চ এই রায় দিয়েছে।
ওই ঘটনায় প্রত্যেককেই আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করেছে আদালত। উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত একটি নির্দেশের পরিপ্রেক্ষিতে তৃণমূল ঘনিষ্ঠ একদল শিক্ষক বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবীদের চেম্বার ঘেরাও করেন এবং বিচারপতি বসুর ছবিতে পা দিয়ে বিক্ষোভ দেখানো হয়েছিল।
অভিযোগ ওঠে, তৃণমূল নেতা কুণাল ঘোষের উস্কানিতেই সেদিন কলকাতা হাইকোর্ট চত্বরে ওই ঘটনা ঘটিয়েছিলেন চাকরিপ্রার্থীরা৷ এই ঘটনার আগে পরে সংবাদমাধ্যমে কুণাল ঘোষ বেশ কয়েকটি উস্কানিমূলক মন্তব্যও করেন বলে অভিযোগ৷ সেই প্রেক্ষিতেই এই জরিমানা বলে জানা গেছে।

